গজারিয়ায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কলসের কান্দি এলাকায় বজ্রপাতে শাহাদাত সরদার নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা লোকমান সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আকস্মিক বজ্রপাতের সময় তিনি বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হলে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, শাহাদাত সরদার শান্ত স্বভাবের ও সবার প্রিয় মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
উল্লেখ্য, দেশে বজ্রপাতের ঘটনা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা খোলা স্থানে অবস্থান না করা, ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।





















