বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

গোয়ালন্দের শিক্ষাঙ্গনে গাইড বই কারসাজি শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে নির্দিষ্ট বই কিনতে

ইলিয়াছ শাহেদ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:০৮ পিএম
গোয়ালন্দের শিক্ষাঙ্গনে গাইড বই কারসাজি শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে নির্দিষ্ট বই কিনতে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাইড ও গ্রামার বইকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রভাবশালী বাণিজ্যচক্রের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, কিছু শিক্ষক নির্দিষ্ট প্রকাশনীর বই কিনতে শিক্ষার্থীদের পরোক্ষভাবে চাপ দিচ্ছেন। এতে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে অভিভাবকদের আর্থিক বোঝা। শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, পরীক্ষায় ভালো ফল করতে হলে নির্দিষ্ট কোম্পানির গাইড ও গ্রামার বই অনুসরণ করতে হয়। অন্য বই থেকে উত্তর লিখলে নম্বর কম দেওয়া হয় বলেও তাদের অভিযোগ। এমনকি অনেক সময় পরীক্ষার প্রশ্ন বা মডেল প্রশ্নও ওই নির্দিষ্ট গাইড বই থেকে দেওয়া হয় বলে দাবি করেছে তারা। উপজেলার কয়েকটি প্রতিষ্ঠান—গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা বিদ্যালয়, গোয়ালন্দ প্রপার হাইস্কুলসহ আরও কিছু প্রতিষ্ঠানের সিলেবাস ঘেঁটে দেখা গেছে, ইংরেজি বিষয়ের paragraph, letter ও application-এর ক্ষেত্রে নির্দিষ্ট বিষয় না দিয়ে শুধু পৃষ্ঠাসংখ্যা উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের মতে, এসব পৃষ্ঠাসংখ্যা নির্দিষ্ট একটি গ্রামার বইয়ের, যা কিনতে বাধ্য করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, কিছু প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বই বিক্রির প্রক্রিয়া চলে। এতে সংশ্লিষ্টদের আর্থিক সুবিধা হয়। কেউ কেউ বলেন, বিদ্যালয়ের প্রয়োজনীয় কিছু খরচও এই অর্থ দিয়ে মেটানো হয়।
অভিভাবকদের অভিযোগ, বাজারে অন্য গাইড বইয়ে বেশি ছাড় থাকলেও নির্দিষ্ট এই বই কিনতে হচ্ছে কম ছাড়ে। তাদের ধারণা, এর পেছনে শিক্ষকদের সঙ্গে প্রকাশনীর আর্থিক সমঝোতা রয়েছে। এদিকে অভিযোগ রয়েছে, একটি প্রকাশনীর প্রতিনিধি নিয়মিত বিদ্যালয়গুলোতে গিয়ে বই বিক্রির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। অন্যদিকে উপজেলার শিক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান অর্জনের পরিবর্তে গাইড নির্ভর হয়ে পড়ছে। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজেও গাইড বই নিয়ে শিক্ষকদের মধ্যে মতভেদ রয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষার্থীদের শেষ পর্যন্ত নির্দিষ্ট গাইডই কিনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরে গাইড ও নোটবই প্রকাশ ও বিক্রি নিষিদ্ধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। তারপরও প্রকাশ্যে এসব বই বিক্রি হওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের নজরদারি নিয়েও। গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, “আমরা কাউকে নির্দিষ্ট গাইড কিনতে বাধ্য করি না। তবে সিলেবাসে পৃষ্ঠাসংখ্যা থাকায় শিক্ষার্থীরা নির্দিষ্ট বই অনুসরণ করতে পারে।” গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা বলেন, “আমি চাই শিক্ষার্থীরা মানসম্মত বই থেকে পড়াশোনা করুক। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।” উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের জন্য স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করা হবে।” স্থানীয় সচেতন মহলের দাবি, শিক্ষাঙ্গন যদি গাইড বইয়ের বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়, তবে প্রকৃত শিক্ষা ও মেধা বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এখনই কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।