শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

হারিয়ে যাওয়া  গ্রামবাংলার সোনালি স্মৃতির রূপকথার দিনগুলি  ফিরে দেখা

সবীর আহমেদ ফোরকান,পরশুরাম  প্রতিনিধি:  প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ পিএম
হারিয়ে যাওয়া  গ্রামবাংলার সোনালি স্মৃতির রূপকথার দিনগুলি  ফিরে দেখা
সময়ের স্রোতে ভেসে বদলে গেছে গ্রামবাংলার চিরচেনা রূপ। প্রযুক্তি ও নগরায়নের প্রবল ঢেউয়ে আজকের গ্রাম যেন আর আগের সেই সহজ-সরল, প্রাণচঞ্চল গ্রাম নেই। মাত্র এক-দুই দশক আগেও যে গ্রামীণ জীবন ছিল স্বতঃস্ফূর্ত, আন্তরিকতা আর পারস্পরিক নির্ভরতায় ভরপুর—আজ তা অনেকটাই স্মৃতির পাতায় ঠাঁই নিয়েছে।
একসময় ভোরের সূচনা হতো পাখির কলতান, মোরগের ডাকে আর গৃহস্থালির ব্যস্ততায়। কৃষকরা লাঙল-গরু নিয়ে মাঠে যেতেন, আর বাড়ির আঙিনায় চলতো ধান ভানা, চাল কুটা কিংবা শাকসবজি প্রস্তুতের কাজ। জীবন ছিল কষ্টসাধ্য, কিন্তু তাতে ছিল এক ধরনের প্রশান্তি ও তৃপ্তি—যা আজকের যান্ত্রিক জীবনে অনেকটাই অনুপস্থিত।
গ্রামের শৈশব ছিল নিখাদ আনন্দে ভরা। বিকেলের মাঠ মানেই ছিল প্রাণের উচ্ছ্বাস—হাডুডু, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, কানামাছি কিংবা লাঠিখেলা। আবার অনেকেই স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে মাঠে গিয়ে ক্রিকেট বা ফুটবল খেলায় মেতে উঠতো। হৈচৈ, দৌড়ঝাঁপ আর হাসির রোল যেন গ্রামজীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। দিনের শেষে বাড়ি ফিরে মা-বাবার বকুনি বা শিক্ষকের শাসন—সেই সময়ের শাসনও আজ মধুর স্মৃতিতে পরিণত হয়েছে। গ্রামীণ সংস্কৃতির আরেকটি অনন্য আকর্ষণ ছিল যাত্রাপালা—যা শুধু বিনোদন নয়, ছিল মানুষের আবেগ, ঐতিহ্য ও সামাজিক মিলনের এক বিশাল ক্ষেত্র। গ্রামের খোলা মাঠে, বড় বটগাছের নিচে কিংবা হাটের পাশে মাঝে মাঝেই বসতো যাত্রার জমজমাট আসর।
সন্ধ্যা গড়াতেই চারপাশের গ্রাম থেকে দল বেঁধে মানুষ ছুটে আসতো সেই আসরে। কারো হাতে লণ্ঠন, কারো হাতে কেরোসিনের বাতি—আলো-আঁধারের মধ্যে তৈরি হতো এক অন্যরকম আবহ। অনেক কিশোর-যুবক আবার পরিবারের চোখ এড়িয়ে, চুপিচুপি যাত্রা দেখতে চলে যেত—কখনো বন্ধুদের সঙ্গে, কখনো একাই। গভীর রাত পর্যন্ত নাটকের সংলাপ, গান আর অভিনয়ে মুগ্ধ হয়ে থাকতো তারা। যাত্রা শেষে কুয়াশা ভেজা ভোরে বা রাতের নিস্তব্ধতায় সবাই দল বেঁধে বাড়ির পথে হাঁটতো—মাঝে মাঝে হাসাহাসি, গল্প আর সেই রাতের স্মৃতি নিয়ে। কিন্তু বাড়ি পৌঁছানোর পরই শুরু হতো আরেক দৃশ্য—অপেক্ষা করতো মা-বাবার বকুনি, কখনো দরজা বন্ধ পেয়ে বাইরে বসে থাকা, আবার কখনো নানা অজুহাত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা।
 তবুও এসবের মধ্যেই লুকিয়ে ছিল এক অপূর্ব আনন্দ, এক নির্মল শৈশব, যা আজকের প্রজন্ম কেবল গল্পেই শুনে।পূর্বপুরুষদের জীবনধারা ছিল আরও সরল, কিন্তু গভীর মূল্যবোধে ভরা। তারা অল্পতেই সন্তুষ্ট থাকতেন, পরিশ্রমকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতেন এবং একে অপরের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। গ্রামের কোনো সমস্যা মানেই সবাই মিলে সমাধান—কোনো পরিবার কষ্টে থাকলে অন্যরা এগিয়ে আসতো নিঃস্বার্থভাবে। মুরব্বিদের কথা ছিল অমূল্য, তাদের সিদ্ধান্তই ছিল সবার কাছে গ্রহণযোগ্য। সন্ধ্যা নামলেই উঠোনভরা আড্ডা, গল্প বলা, লোককথা শোনা কিংবা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে জীবনের শিক্ষা নেওয়ার এক অপূর্ব পরিবেশ তৈরি হতো। কেরোসিনের বাতি বা হারিকেনের আলোয় চলতো পড়াশোনা—যেখানে স্বপ্ন ছিল বড়, কিন্তু চাওয়া ছিল সীমিত।গ্রামের হাট-বাজার ছিল প্রাণের স্পন্দন। সপ্তাহে একদিন বসা সেই হাট ছিল শুধু কেনাবেচার স্থান নয়—ছিল সম্পর্ক গড়ে তোলার কেন্দ্র। কৃষিপণ্য, তাজা মাছ, দুধ, ঘি কিংবা হাতে তৈরি জিনিস—সবকিছুতেই ছিল দেশীয়তার গন্ধ।
তবে বর্তমান বাস্তবতা ভিন্ন। স্মার্টফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনকে সহজ করলেও কেড়ে নিয়েছে অনেকটা সামাজিকতা। এখনকার শিশুরা মাঠের খেলায় নয়, বরং স্ক্রিনে ব্যস্ত। উঠোনভরা আড্ডা হারিয়ে গেছে, কমে গেছে প্রতিবেশীর সঙ্গে আন্তরিক সম্পর্ক। পরিবর্তন অনিবার্য—এটাই সময়ের দাবি। তবে উন্নয়নের এই অগ্রযাত্রায় যদি আমরা পূর্বপুরুষদের সেই মূল্যবোধ, পারস্পরিক ভালোবাসা ও ঐতিহ্যকে ধারণ করতে পারি, তবেই গড়ে উঠবে একটি সুস্থ ও মানবিক সমাজ।  গ্রামবাংলার সেই সোনালি দিনগুলো ফিরে না এলেও, তার শিক্ষা ও সৌন্দর্য ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই হতে পারে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

নাগরপুরে জমির সীমানা বিরোধে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

 নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম
নাগরপুরে জমির সীমানা বিরোধে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এক নারী ও তাঁর মাকে মারধর, শ্লীলতাহানি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ডা. সায়মা জান্নাত প্রমি নাগরপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. রফিকুল ইসলাম (৩২) ও মো. সেলিম মিয়ার (২৮) নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা নাগরপুর উপজেলার বাসিন্দা বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ডা. সায়মা জান্নাত প্রমির নাগরপুর থানাধীন একটি সাবস্টেশন সংলগ্ন এলাকায় ১ শতাংশ জমি রয়েছে। ওই জমির দক্ষিণ পাশের সীমানা নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, তাঁর মা মোছা. নুরাইয়া ফেরদৌসীসহ কয়েকজন রাজমিস্ত্রি নিয়ে জমির চারপাশে ইটের প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করেন। অভিযোগে বলা হয়, গত ১৩ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা বাঁশের লাঠি নিয়ে বিরোধপূর্ণ জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা অভিযোগকারী ও তাঁর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর মাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অভিযোগে আরও বলা হয়, মো. রফিকুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে তাঁকে আঘাত করেন এবং তাঁর পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটান। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের কবল থেকে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁরা কিছুটা সুস্থ হয়ে স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ডা. সায়মা জান্নাত প্রমি অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ নেতার নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা।

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪২ পিএম
দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ নেতার নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা।

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা এ মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে সংসদ সদস্যের গ্রামের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ওই ঘরে অগ্নিসংযোগ করে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সেখানে তিনি এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডটি পেট্রোল বোমা নিক্ষেপের কারণে, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা।

তানভীর আজাদ জেলা প্রতিনিধি কুষ্টিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা।

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে এ হামলা চালানো হয়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি নিজেই। তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

হুমকির মুখেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে পোস্টে তিনি আরও লেখেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কারা এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশি তদন্ত শেষে জড়িতদের পরিচয় এবং ঘটনার পেছনে প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠকের দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।