পদ্মার ভয়াল রূপ: আতঙ্কে শতাধিক পরিবার, বিলীন হচ্ছে আবাদি জমি
ছবি- সকালের বার্তা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হঠাৎ করেই শুরু হয়েছে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন। অসময়ের এই ভাঙনে ইতোমধ্যেই বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, হুমকির মুখে পড়েছে শতাধিক পরিবারের বসতভিটা। দিন-রাত আতঙ্কে কাটছে নদী তীরবর্তী মানুষের জীবন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মৃধা বাজার সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে পদ্মার তীব্র স্রোতে নদীর পাড় ধসে পড়ছে। প্রায় ৫০ ফুট এলাকা জুড়ে নদী ভাঙন দেখা দিয়েছে, যার ফলে ধানক্ষেতসহ প্রায় তিন কাঠা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের ঘরবাড়িও ঝুঁকির মধ্যে রয়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে নদী ভাঙন দেখা দিলেও এবারের মতো অসময়ে এমন ভয়াবহ পরিস্থিতি আগে দেখা যায়নি। অনেকেই নিজেদের বসতভিটা রক্ষায় গাছ, বাঁশ ও বস্তা দিয়ে অস্থায়ী প্রতিরোধ গড়ে তুললেও তাতে তেমন কোনো সুফল মিলছে না।
একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভাঙন রোধে কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতি বছরই নতুন নতুন এলাকা নদীগর্ভে চলে যাচ্ছে, আর মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। অনেক পরিবার ইতোমধ্যেই অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণে একটি টিম পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন পদ্মার এই আগ্রাসী ভাঙন শুধু জমিই কেড়ে নিচ্ছে না, ধ্বংস করছে মানুষের স্বপ্ন ও জীবিকা। তাই স্থানীয়দের দাবি—দ্রুত টেকসই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে এই দুর্ভোগ থেকে রক্ষা করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















