ভোলা-বরিশাল সেতু পাল্টে দেবে দক্ষিণাঞ্চলের চিত্র’—সমাবেশে সাজ্জাদ হোসেন মুন্না
ভোলার ২০ লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘ভোলা-বরিশাল সেতু’র প্রশাসনিক অনুমোদন পাওয়ায় রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আগামীর ভোলা’ সংগঠনের ব্যানারে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা এই যুগান্তকারী পদক্ষেপের জন্য দেশনায়ক তারেক রহমানকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পল্টন মোড় ও সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় ঢাকায় অবস্থানরত ভোলার শত শত তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ‘ধন্যবাদ তারেক রহমান’, ‘ভোলার মানুষের স্বপ্ন পূরণ, তারেক রহমানের অবদান’—এমন নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সমাবেশে ভোলা সদর উপজেলা ছাত্রদলের সফল সদস্য সচিব ও আগামী দিনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী সাজ্জাদ হোসেন মুন্না বলেন, “ভোলা-বরিশাল সেতু ভোলার ২০ লাখ মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এই সেতুর অনুমোদন কেবল ভোলার অর্থনীতিকেই পাল্টে দেবে না, বরং গোটা দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় এই মেগা প্রকল্পের অগ্রযাত্রা সম্ভব হয়েছে, যার জন্য ভোলার মানুষ তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।”
সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা উল্লেখ করেন যে, এই সেতু নির্মিত হলে ভোলায় উৎপাদিত প্রাকৃতিক গ্যাস ও ইলিশ মাছসহ বিভিন্ন কৃষিপণ্য খুব সহজেই সারাদেশে পৌঁছে যাবে। এতে জেলাটিতে দ্রুত শিল্পায়ন হবে এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।
মিছিলে অংশ নেওয়া ভোলার সাধারণ মানুষ জানান, উন্নত যাতায়াত ব্যবস্থার অভাবে ভোলা জেলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল। এই সেতুর অনুমোদন ভোলার মানুষের জন্য ঈদের খুশির মতো আনন্দ বয়ে এনেছে। তারা এই ঐতিহাসিক উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরিশেষে, সাজ্জাদ হোসেন মুন্না রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সেতুর কাজ দ্রুত শুরুর আশাবাদ ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।














