রাজবাড়ীর পাংশায় ব্যবসায়ীর উপর হামলা, নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ
ছবি- সকালের বার্তা
রাজবাড়ীর পাংশা পৌর এলাকার নারায়নপুর গ্রামে এক পেঁয়াজ ব্যবসায়ীর উপর হামলা ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, পূর্বের বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা পুরাতন বাজারের কায়ার মোড় এলাকায় ওই ব্যবসায়ী ইমদাদুল হক মন্ডলকে মারধর করা হয়। তিনি পারনারায়নপুর গ্রামের দবির মন্ডলের ছেলে।
এ সময় হামলাকারীরা তাকে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।
বর্তমানে আহত ইমদাদুল হক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাংশা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















