রাজবাড়ীতে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে কম আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়-এর সামনের সড়কে অস্থায়ী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমে একজন ক্রেতা সর্বোচ্চ দুই হালি ডিম (প্রতি হালি ৩০ টাকা), এক লিটার দুধ ৭০ টাকা এবং এক কেজি গরুর মাংস ৭০০ টাকায় কিনতে পারবেন। বিক্রয় কার্যক্রম চলবে রোববার থেকে বৃহস্পতিবার (শুক্র ও শনিবার ব্যতীত) প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, ২৬ রমজান পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন ৫০০টি ডিম, ৬০ লিটার দুধ ও ১০০ কেজি গরুর মাংস বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চাহিদা ও সরবরাহ পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে এই পরিমাণ বাড়ানো যেতে পারে।
ক্রেতারা জানান, ডিমের দাম বাজারদরের তুলনায় কম হলেও মাংসের দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তারা আশা করেন, সামান্য কমিয়ে ৬০০-৬৫০ টাকায় মাংস বিক্রি করলে সাধারণ মানুষ আরও সুবিধা পেত। তবে এই উদ্যোগকে তারা প্রশংসনীয় মনে করছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, “রমজান মাসে দুধ, ডিম ও মাংসের দাম সাধারণত বেড়ে যায়। দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের সুবিধার জন্য সুলভ মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।”
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় প্রাণিজ প্রোটিন সহজে সংগ্রহ করতে পারে, সেই লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”



















