দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৩১ জানুয়ারি) এ বহিষ্কারাদেশ জারি করা হয়। জেলা বিএনপির প্যাডে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বকুল মিয়া, সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য উসমান গনি, যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সদস্য সুকেশ দেবনাথ ও বুরহান উদ্দিন, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, জাতীয়তাবাদী সৈনিক দল বিশ্বম্ভরপুর শাখার সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান তালুকদার এবং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মিল হক।
এছাড়াও পৃথক বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. স. খালিদ, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. আমিরুল হক, গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ইছাক আলী এবং পৌর বিএনপির সদস্য আব্দুল মাজিদকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃত নেতাকর্মীরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এবং স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক। বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।