মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরের উত্তর তারাবুনিয়ায় স্পিডবোটের যাত্রীকে কেন্দ্র করে সংঘর্ষ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের সখিপুর থানাধীন উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান স্টেশন নদীর পাড় এলাকায় স্পিডবোটের যাত্রীকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে এক যুবক ও তাঁর স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মারধর, শারীরিকভাবে জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে সখিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন মোঃ বারেক প্রধানীয়া (৫৫)।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান স্টেশন নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, স্পিডবোটের যাত্রীকে কেন্দ্র করে বাদীর ছেলে সাইফুল ইসলাম (২১) ও কয়েকজনের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে সাইফুল ইসলাম, তাঁর ছোট ভাই আলী আজগর (৩১), বড় ভাই রশিদ (৫৫) এবং ভাতিজা ফারুকের (২৫) ওপর হামলা চালান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা এলোপাতাড়ি কিল-ঘুষি, চর-থাপ্পড় ও লাথি মেরে তাঁদের মাটিতে ফেলে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে দাবি করা হয়েছে। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের সামনে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জাহিদ প্রধানীয়া (২৫), দুলাল প্রধানীয়া (৪০), মনির প্রধানীয়া (৩৫), আক্তার প্রধানীয়া (৩০) ও জাকির প্রধানীয়ার (৫৫) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁদের সবার বাড়ি উত্তর তারাবুনিয়া এলাকায় বলে আবেদনে উল্লেখ রয়েছে।

লিখিত আবেদনে ঘটনার সাক্ষী হিসেবে কয়েকজনের নামও উল্লেখ করে ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সখিপুর থানার পুলিশের তদন্ত বা আইনগত পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।

অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন