মোঃ মেরাজ শিকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে ব্যাটারিচালিত অটোভ্যান চালাতে গিয়ে মোঃ সবুজ (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। তবে নিখোঁজের পর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কালিবাড়ী বাজার এলাকা থেকে তার চালানো অটোভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ সবুজ সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়-মিলপাড় এলাকার মোঃ সিরাজ মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সবুজ। দুপুরের খাবারের সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও সবুজের কোনো সন্ধান পাননি। পরে গত ২৭ সেপ্টেম্বর তার বাবা সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের দিনই গোপালপুর উপজেলার কালিবাড়ী বাজার এলাকা থেকে সবুজের চালানো অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়। তবে অটোভ্যান উদ্ধার হলেও নিখোঁজ কিশোরের সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট হতে না পেরে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সবুজের বাবা-মা। সংবাদ সম্মেলনে তারা তাদের সন্তানকে দ্রুত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে সখীপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
নিখোঁজ সবুজের বাবা সিরাজ মিয়া বলেন, “আমার সন্তান কোথায় আছে জানি না। ভ্যান উদ্ধার হলেও ছেলের দেখা পাইনি। আমরা দ্রুত ছেলেকে ফিরে চাই।”
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সখিপুর ও গোপালপুর থানা পুলিশ সমন্বয় করে নিখোঁজ কিশোরকে উদ্ধারের অভিযান চালাচ্ছে।