মোঃ মেরাজ শিকদার,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে আউয়াল শফী নামে এক স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সড়কে তার মরদেহ পড়ে থাকার ঘটনায় প্রাথমিকভাবে ট্রাকচাপায় মৃত্যুর কথা জানা গেলেও গলায় কাটার চিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য। স্থানীয়দের মধ্যে এখন জোরালোভাবে উঠেছে প্রশ্ন এটি কি সত্যিই সড়ক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নলুয়া বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত আউয়াল শফী সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বোয়ালী গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের দাবি, সড়কে পড়ে থাকা অবস্থায় আউয়াল শফীর গলায় কাটার চিহ্ন দেখতে পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রাথমিকভাবে ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, গলায় কাটার চিহ্ন থাকার বিষয়টি নতুন করে রহস্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তবে তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এদিকে, ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। নিহতের শরীরে থাকা আঘাতের চিহ্ন এবং ঘটনার পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।