মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বকশীগঞ্জে বৃক্ষরোপণ ও সোলার লাইট স্থাপন

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

‘সবুজের পথে আলোর সাথে, মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ ও সোলার লাইট স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৭ আগষ্ট (শুক্রবার) উপজেলার মির্ধাপাড়া মোড় থেকে টানাব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের দুই পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি, এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং রাতে মানুষের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে সড়কের দুই পাশে উন্নত প্রজাতির ৬ শতাধিক কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ নয়টি স্থানে ৯টি সোলার লাইট স্থাপন করা হয়। লাইটগুলো মির্ধাপাড়া মোড়, নূরগঞ্জ বাজার, সরকার বাড়ি মোড়, ফকিরবাড়ি মোড়, মিষ্টারের দোকান, ঠাকুরপাড়া মোড়, নিলক্ষিয়া চৌরাস্তার মোড়, পঁচার দোকান ও টানাব্রিজ এলাকায় স্থাপন করা হয়েছে।

এ ছাড়া এলাকার ঐতিহ্যবাহী জানকীপুর ঠাকুরপাড়া ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রজাতির কৃষ্ণচূড়া চারা রোপণ করা হয়। ঠাকুরপাড়া জামে মসজিদের সামনেও দুটি কৃষ্ণচূড়া চারা রোপণ করা হয়েছে।

মির্ধাপাড়া মোড় থেকে টানাব্রিজ পর্যন্ত সড়কের নির্দিষ্ট দূরত্ব পরপর কৃষ্ণচূড়া চারা রোপণের মাধ্যমে সড়কটিকে ভবিষ্যতে আরও সবুজ ও দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ উদ্দিন শরীফ, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, রাজু আহমেদ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিরুজ্জামান লিমন।

সভাপতির বক্তব্যে আশরাফুল ইসলাম বিকট বলেন, প্রতিটি সোলার লাইটের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা এলাকার চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সোলার লাইট স্থাপনের ফলে রাতের বেলায় এলাকাবাসীর চলাচল আরও নিরাপদ হবে।

তিনি আরও জানান, বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এখন থেকে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। পাশাপাশি একটি মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে স্থানীয় সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ট্রাস্ট। সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন বলেন, মহাসড়কের পাশাপাশি নিলক্ষিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে সোলার লাইট স্থাপন করা প্রয়োজন। এতে রাতের বেলায় সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ হবে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো আলোকিত থাকায় অপরাধ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সড়কের পাশে কৃষ্ণচূড়া গাছ রোপণের ফলে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে সড়কটি আরও সবুজ ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।

তারা আরও বলেন, সৌরবিদ্যুৎচালিত লাইট স্থাপনের মাধ্যমে রাতে মানুষের চলাচলে নিরাপত্তা বাড়বে এবং বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার উৎসাহিত হবে।

এ ধরনের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন