ইলিয়াছ শাহেদ (গোয়ালন্দ) রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে আন্তজেলা অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চালকদের অচেতন করে যানবাহন ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার হিজলাকর গ্রামের জিন্দার আলী মোল্লার ছেলে মো. জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) এবং একই উপজেলার কান্দাবাড়ী গ্রামের নুরুদ্দিন শেখের ছেলে মো. শিপন শেখ (২৮)।
বুধবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা যাত্রীবেশে চালকদের সঙ্গে যোগাযোগ করে পানীয় বা খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করার পর অটোরিকশা ও ইজিবাইক ছিনিয়ে নেওয়ার কৌশলের কথা স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া যানবাহন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলী পার্ক এলাকায় অটোরিকশা চালক জাহিদ বিশ্বাস (৪২)কে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়। এরপর ২০ জুলাই উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় চালক আলেক মণ্ডলকে অচেতন করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া ২২ জুলাই রাতে গোয়ালন্দ রেলগেট এলাকায় চালক হাসান বেপারীকেও অচেতন অবস্থায় ফেলে রেখে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়।
পরপর তিনটি ঘটনায় গোয়ালন্দসহ আশপাশের এলাকার অটোরিকশা ও ইজিবাইক চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক এই গ্রেপ্তারকে ছিনতাই চক্র দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে পুলিশ।