মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
নিজস্ব প্রতিনিধি:
বাগেরহাট, ১২ জুলাই (ইউএনবি নিউজ): প্রায় ছয় মাস চিকিৎসা ও পুনর্বাসনের পর অবশেষে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ে উদ্ধার হওয়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। বন কর্মকর্তাদের দাবি, বন থেকে উদ্ধার করে চিকিৎসা ও পুনর্বাসনের পর আবার সুন্দরবনে কোনো বাঘ অবমুক্ত করার ঘটনা এটাই প্রথম।
রোববার সকালে মোংলা ফুয়েল জেটি থেকে লোহার খাঁচায় বন্দি বাঘিনীটিকে বন বিভাগের ট্রলার এমএল সোয়াচ-২-এ করে সুন্দরবনের উদ্দেশে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের আন্ধারমানিক টহল ফাঁড়ি-সংলগ্ন আন্দারিয়া খালে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টার দিকে খাঁচার দরজা খুলে দেওয়া হয়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও বাঘিনীটি বের না হওয়ায় ট্রলারটি আরও বনের কাছে নেওয়া হয় এবং খাঁচার এক পাশ উঁচু করে দিলে দুপুর ১টার দিকে এক লাফে বনের ভেতরে চলে যায়। পরে সেটি দ্রুত চোখের আড়ালে মিলিয়ে যায়।
বাঘিনীটিকে অবমুক্ত করার সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরীসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন বিভাগ জানিয়েছে, অবমুক্তির পর বাঘিনীটির স্বাভাবিক জীবনযাপন ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য ৯০ বর্গকিলোমিটার এলাকায় ২০টি ক্যামেরা স্থাপন করে নিয়মিত মনিটরিং করা হবে।
গত ৩ জানুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শরকির খালসংলগ্ন বৈদ্যমারি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকা পড়ার খবর পায় বন বিভাগ। পরদিন খুলনা বিভাগের বন সংরক্ষক ইমরান আহমেদের নেতৃত্বে ভেটেরিনারি সার্জনসহ একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে ট্রাঙ্কুইলাইজার গানের সাহায্যে বাঘিনীটিকে অজ্ঞান করে উদ্ধার করে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেটিকে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে নেওয়া হয়।
সেখানে প্রায় ছয় মাস চিকিৎসা, নিবিড় পরিচর্যা ও পুনর্বাসনের মাধ্যমে বাঘিনীটিকে সুস্থ করে তোলা হয়। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন জানান, উদ্ধারকালে বাঘটির পায়ে গুরুতর ক্ষত ছিল এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। শুরুতে কোনো খাবার না খেলেও ধাপে ধাপে বিশেষ খাদ্য ও চিকিৎসার মাধ্যমে সেটিকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী বলেন, উদ্ধার অভিযান পরিচালনা এবং পরবর্তীতে বাঘটিকে সুস্থ করে আবার সুন্দরবনে ফিরিয়ে দেওয়া ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। বন বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় তা সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী বলেন, অসুস্থ বাঘটিকে সুস্থ করে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া বন বিভাগের জন্য একটি মাইলফলক। তিনি জানান, ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে বাঘটির চলাচল ও আচরণ পর্যবেক্ষণ করা হবে, যাতে তার স্বাভাবিক অভিযোজন নিশ্চিত করা যায়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও বাঘটিকে সুস্থ করে সুন্দরবনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, “বন্যেরা বনে সুন্দর। সুন্দরবনে আজ একটি ইতিহাস সৃষ্টি হলো।”
বন বিভাগের কর্মকর্তারা জানান, এর আগে সুন্দরবন থেকে উদ্ধার করা একটি বাঘকে ঢাকায় নেওয়া হলেও সেটিকে আর প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়নি। সেই বিবেচনায় চিকিৎসা ও পুনর্বাসনের পর এবার প্রথমবারের মতো একটি রয়েল বেঙ্গল টাইগারকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হলো।
সূত্র: ইউএনবি নিউজ (UNB News)।