মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
জুলাইয়ের খুনিদের ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কারের দাবিতে যশোরের কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ০৪ জুলাই ২০২৬ বিকাল ৪টায় কেশবপুর পাবলিক ময়দানে এ গণমিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি গণমিছিল বের করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পৌর আমির অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর উপজেলা এনসিপি সমন্বয়কারী সম্রাট হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাহিদুর রহমান সাঈদ, নায়েবে আমির রেজাউল ইসলাম, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও এমপি অধ্যাপক মো. মোক্তার আলী।
অ্যাডভোকেট ওজিয়ার রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের শান্তিকামী মানুষ ন্যায় ও ইনসাফভিত্তিক অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমে এসেছিল। সে সময় জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে অসংখ্য যুবক শহীদ হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জুলাই শহীদদের ন্যায্য দাবি আদায় ও তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
কেশবপুর উপজেলা এনসিপি সমন্বয়কারী সম্রাট হোসেন বলেন, জুলাই মাস এলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য অসংখ্য ভাই-বোন জীবন উৎসর্গ করেছেন। তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে তিনি গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ বলেন, এ জাতির আন্দোলন করার, রক্ত দেওয়ার এবং বিজয় অর্জনের ইতিহাস রয়েছে। তবে আমরা আর রক্ত ঝরুক তা চাই না। তিনি বলেন, জুলাই সনদে যে বিষয়গুলো ছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে জনগণ আবারও দাবি আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হবে।
প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও এমপি অধ্যাপক মো. মোক্তার আলী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশকে রক্ষা করার বিকল্প কোনো পথ নেই। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দাবি উপেক্ষা করলে এবং ন্যায্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করলে পূর্ববর্তী সরকারের মতো তাদেরও বিদায় নিতে সময় লাগবে না। আমরা চাই, সরকার নির্বিঘ্নে পাঁচ বছর দায়িত্ব পালন করুক; তবে তা হতে হবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আর প্রতারণা বা ধোঁকাবাজি করা যাবে না। দেশের স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের মিছিল শেষ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিলে থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের একটি গণমিছিল কেশবপুর পাবলিক ময়দান থেকে শুরু হয়। মিছিলটি থানার মোড় হয়ে মধু সড়কের দিকে যায়। পরে মহিলা কলেজ রোড হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে গাজীর মোড়ে পৌঁছায়। সেখান থেকে মিছিলটি আবার পাবলিক ময়দানে এসে শেষ হয়।
বক্তারা জুলাই শহীদদের বিচার, আহতদের উন্নত চিকিৎসা, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের দাবি জানান।