সকালের বার্তা ডেস্ক
নাটোরের গুরুদাসপুরে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার শিকার বাবলু (৪০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার এজাহার, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে মাত্র ৪ ইঞ্চি জায়গা নিয়ে পারুলের সাথে বিরোধ ছিল। সেই জায়গার জন্যই পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন বাবলুর ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, একই গ্রামের কাওছার, কামাল, জহুরুল ও রাসেলসহ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তুু দীর্ঘ সময় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাবলুর পরিবারে স্ত্রী, দুই সন্তান, মা ও বাবা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তার স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।