গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর ইসলাম আরিয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আনসার রোড এলাকার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত তানভীর ইসলাম আরিয়ান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকার সজল ইসলামের ছেলে। সে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত এবং বাবা সজল ইসলাম স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতো।
নিহত আরিয়ানের বাবা সজল ইসলাম বলেন, স্কুল ছুটির পর বাসায় ফেরার সময় রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলো আরিয়ান। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী কাভার্ড ভ্যান পেছনের দিকে ব্যাক করলে পাশে থাকা একটি সিমেন্টের সীমানাপিলার ও কাভার্ড ভ্যানের মাঝখানে পিষ্ট হয়ে যায় আরিয়ান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে কাভার্ড ভ্যানটি আটকে রাখলেও পালিয়ে যায় ঘাতক চালক ।
কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, আরিয়ান স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। স্কুল ছুটির পর রাস্তা পারাপারের সময় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান ঘোরানোর জন্য পেছনের দিকে গেলে পাশে থাকা সীমানাপিলারের সঙ্গে চাপা খায় শিশুটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।