রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা, প্রচারণায় বাধার অভিযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার জনসমক্ষে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে নাসিরুল হক সাবুর পক্ষে ইশতেহার ঘোষণা করেন তাঁর ভাই এ আর মাহমুদুল হক রোজেন। ইশতেহারে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য মোট নয়টি অঙ্গীকার তুলে ধরা হয়। এসবের মধ্যে রয়েছে শিক্ষা ও তরুণ সমাজ, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ, শিশু, কৃষক, ব্যবসায়ী, অমুসলিম সম্প্রদায় এবং সার্বজনীন উন্নয়নমূলক অঙ্গীকার।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এ বি এম নজিমুদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিএনপি প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা তাঁদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু, পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ আলী রেজা, মাহমুদুল হক রোজেন, পাংশা সরকারি কলেজের প্রভাষক জাকিরুল হক লাভিং, প্রধান নির্বাচনী এজেন্ট নজিমুদ্দিন ওহাব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ, নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা হক অনি, বিএনপি নেতা আব্দুল বারী মন্ডলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলন শেষে পাংশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি বড় মিছিল বের করা হয়। মিছিলটি পাংশা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



















