অতীতে উন্নয়ন বঞ্চিত ছিল সুনামগঞ্জ : নুরুল
সুনামগঞ্জ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি বলেন, ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে শহর ও গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে প্রতি মাসে প্রাপ্ত অর্থ দিয়ে তারা হাঁস, মুরগি ও ছাগল পালন করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সোমবার রাতে শহরতলির হবতপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলী, মুনাজ্জির হোসেন সুজনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















