হাবাসপুর বাজারে জামায়াত–এনসিপি জোট প্রার্থী জামিল হিজাজীর গণসংযোগ
ছবি- সকালের বার্তা
আজ রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী-২ আসনে জামায়াত ও এনসিপি জোটের মনোনীত প্রার্থী জামিল হিজাজী (সাইয়েদ জামিল) হাবাসপুর বাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নিজের রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য তুলে ধরেন।
গণসংযোগকালে জামিল হিজাজী বলেন, তিনি একজন তরুণ প্রার্থী হিসেবে রাজনীতিতে নতুন ধারা প্রতিষ্ঠা করতে চান। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ইনশাল্লাহ এমপি নির্বাচিত হলে এই আসনে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি কিংবা অনিয়মের ঠাঁই হবে না। তিনি স্বচ্ছতা, ন্যায়বিচার ও জবাবদিহিতার রাজনীতি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন যেন কেবল কথায় সীমাবদ্ধ না থাকে, বরং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় বাস্তব পরিবর্তন আনাই তার মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও দোয়াই তাকে এই পথে এগিয়ে যেতে শক্তি দেবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। প্রচারণা ঘিরে হাবাসপুর বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

















