‘যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না’: রবিউল ইসলাম নয়ন
ছবি- সংগৃহীত
ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, জামায়াত-শিবির একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। যুবদল রাজপথে নামলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া ভিটারপাড়ায় আয়োজিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ষোলকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সন্ত্রাসীরা লাগামছাড়া হয়ে গেছে’
অনুষ্ঠানে রবিউল ইসলাম নয়ন বলেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে তখনই জনগণ মাঠে নামে, যখন তারা লাগামছাড়া হয়ে যায়। জামায়াত-শিবির বর্তমানে প্রতিটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তারা আবারও মানুষের হাত-পায়ের রগ কেটে দেওয়ার রাজনীতিতে ফিরতে চাইছে।”
তিনি অভিযোগ করে বলেন, জামায়াত-শিবির বর্তমানে হিন্দুদের ঘরবাড়ি, জমিজমা ও গবাদিপশু দখলের পাঁয়তারা করছে। ১৯৭১ সালে রাজাকারদের মাধ্যমে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার, জুলুম ও নিপীড়ন চালানো হয়েছিল, বর্তমান সময়েও ঠিক তেমনই পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে নয়ন বলেন, “অন্তর্বর্তীকালীন সময়ে কিছু সুযোগ-সুবিধা পেয়ে জামায়াত মনে করছে তারা বড় কিছু হয়ে গেছে। ছাত্রদল বর্তমানে টুকটাকভাবে এসব বিশৃঙ্খলা মোকাবিলার চেষ্টা করছে। তবে যুবদল যখন পূর্ণশক্তি নিয়ে রাজপথে নামবে, তখন তাদের (জামায়াত-শিবির) অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।”
ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া এই বক্তব্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ওপর জোর দেন এবং যেকোনো ধরনের দখলদারিত্ব বা নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
















