২০০ টাকার সাজেশন, না নিলে নম্বর নেই? ভাইবা ঘিরে শিক্ষক–শিক্ষার্থী টানাপোড়েন
ভাইবা পরীক্ষার আগে জোরপূর্বক সাজেশন বিক্রি করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সোহরাওয়ার্দী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আবদুল কাদের মিয়ার বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, ভাইবা পরীক্ষার আগে শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি, বিগত বছরগুলোতেও একইভাবে সাজেশনের নামে টাকা নেওয়া হলেও এবার তুলনামূলক কম অর্থ আদায় করা হয়েছে। এর আগে ৫০০ টাকা নেওয়া হতো বলে অভিযোগ করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, ভাইবা পরীক্ষার আগে সাজেশন ও ক্লাসের কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সাজেশন না নিলে ভাইবাতে নম্বর দেওয়া হবে না এমন চাপও দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
শিক্ষার্থীরা আরও বলেন, ফরম পূরণের সময় প্রয়োজনীয় সব ফি পরিশোধের পরও অতিরিক্তভাবে টাকা দিতে বাধ্য করা হয়েছে। সোহরাওয়ার্দী কলেজে আবাসিক হল না থাকায় অনেক শিক্ষার্থী কষ্ট করে চলেন। সে ক্ষেত্রে ২০০ টাকা অনেকের জন্য বড় চাপ।
ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ হাসিব মিয়া অন্তর বলেন,
“অনেক শিক্ষার্থী ভাইবার জন্য সাজেশন নেয়নি এবং ক্লাসও করেনি। তারা টাকা দিতে না চাইলে স্যার একরকম চাপ প্রয়োগ করেই টাকা নিয়েছেন। তবে কিছু শিক্ষার্থী স্বেচ্ছায় টাকা দিয়েছেন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আবদুল কাদের মিয়া বলেন,
“ভাইবা উপলক্ষে আমরা কোনো টাকা নিইনি। শিক্ষার্থীরা যে বিষয়ে অভিযোগ তুলেছে তা দিকনির্দেশনামূলক সাজেশন ও ক্লাসের জন্য নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন,
“ভাইবার জন্য ক্লাস নেওয়া আমাদের নিয়মের মধ্যে পড়ে না। তাই রিকশা ভাড়া ও সাজেশনের জন্য কিছু টাকা নেওয়া হয়েছে। কেউ ২০০ টাকা দিয়েছে, কেউ ১০০ টাকা দিয়েছে, আবার কেউ দেয়নি। যারা টাকা দেয়নি, তাদের ভাইবাও নেওয়া হয়েছে।”
ভবিষ্যতে এভাবে টাকা নেওয়া হবে না বলেও জানান তিনি।
মৌখিক পরীক্ষার আগে সাজেশন সরবরাহ বা ক্লাসের বিনিময়ে টাকা নেওয়ার কোনো নিয়ম আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“যেকোনো শিক্ষকই দিকনির্দেশনামূলক সাজেশন দিতে পারেন। তবে সামনে আর এভাবে দেওয়া হবে না। আর যারা ক্লাস নিয়েছেন, তাদের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হয়েছে।”
কোন কোন শিক্ষক ক্লাস নিয়েছেন এমন প্রশ্নে তিনি জানান,
ড. আ হ ম মানোয়ার হোসেন, ড. রেজাউল করীম, মোছাঃ সেলিনা আক্তার মুন্নী এবং তিনি নিজে ক্লাস নিয়েছেন।
তবে টাকা নেওয়ার বিষয়ে সম্পূর্ণ অস্বীকার করেন ড. রেজাউল করীম। তিনি বলেন,
“অনার্স দ্বিতীয় বর্ষের ভাইবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টাকা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। কেউ যদি নিয়ে থাকে, আমি তা সমর্থন করি না। অবৈধ সুবিধা দেওয়ার বিপক্ষেই আমি।”
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন,
“কলেজের বিভাগগুলো স্বাধীনভাবে কাজ করে। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





















