ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ভোটারদের তথ্য যাচাইয়ে অসঙ্গতি পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষরসহ তাসনিম জারা মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ের জন্য নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করে।
এতে দেখা যায়, আটজন সঠিক হলেও দুইজন ভোটার ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত নন। নির্বাচন বিধিমালা অনুযায়ী এ কারণে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। মনোনয়ন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, যেসব ভোটারের স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে, তারা নিজেরাও জানতেন না যে তারা ঢাকা-৯ আসনের ভোটার নন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ভোটারদের নিজ নিজ আসন যাচাইয়ের কোনো সহজ ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, বিতর্কিত এক ভোটারের জাতীয় পরিচয়পত্রের কপিতে তাকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে উল্লেখ করা আছে। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিষয়টি ভিন্ন দেখানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী, তিনি পেশায় একজন চিকিৎসক। দেশে তার বার্ষিক আয় ৭ লাখ টাকার বেশি।
পাশাপাশি বিদেশি আয়ের তথ্যও তিনি হলফনামায় উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, তার মোট ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ১৯ লাখ টাকা। তিনি কোনো মামলা, ঋণ বা সরকারি বকেয়ার সঙ্গে জড়িত নন বলেও ঘোষণায় উল্লেখ রয়েছে।
মনোনয়ন বাতিলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


















