শিক্ষা ও সংস্কৃতির মিলনে হাবাসপুরে শাপলা কিন্ডার গার্ডেনের বার্ষিক অনুষ্ঠান
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে অবস্থিত শাপলা কিন্ডার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ চাঁদ আলী শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন (মনির) এবং বিশিষ্ট লেখক ও নাট্যকার জনাব মোঃ আল মাসুদ (মাল)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাপলা কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মোছা: ফরিদা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ চাঁদ আলী শিকদার বলেন, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য পাঠ্যশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত জরুরি। এসব কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। তিনি অভিভাবকদের এসব বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি মোঃ মোসলেম উদ্দিন (মনির) বলেন, শাপলা কিন্ডার গার্ডেন একটি সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষা পরিবেশ ও শিক্ষার্থীদের অগ্রগতি প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানটি প্রধান শিক্ষক ফরিদা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের গীতা পাঠ, কবিতা আবৃত্তি, গজল ও নৃত্য পরিবেশন করে। শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সুন্দর আয়োজন ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিভাবক ও অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।



















