শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নরুন্দি-তুলশীরচর সংযোগে একটি সেতুর অভাবে থমকে আছে উন্নয়ন, বদলে যেতে পারে পূর্ব জামালপুরের ভাগ্য

মোঃ রাসেল রানা জামালপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:৪০ এএম
নরুন্দি-তুলশীরচর সংযোগে একটি সেতুর অভাবে থমকে আছে উন্নয়ন, বদলে যেতে পারে পূর্ব জামালপুরের ভাগ্য

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলেছে । এই নদী একদিকে যেমন প্রকৃতির অপরূপ সৌন্দর্য বয়ে এনেছে, অন্যদিকে তেমনি সৃষ্টি করেছে যোগাযোগ বিচ্ছিন্নতার এক দীর্ঘস্থায়ী দুর্ভোগ। নদীর অপর পাড়ে অবস্থিত তুলশীরচর ইউনিয়ন—কৃষি উৎপাদনে সমৃদ্ধ একটি জনপদ, যেখানে প্রতিদিন ভোরের সূর্যের সঙ্গে শুরু হয় হাজারো কৃষকের জীবনযুদ্ধ। কিন্তু একটি সেতুর অভাবে সেই পরিশ্রমের ফল পৌঁছাতে পারছে না কাঙ্ক্ষিত গন্তব্যে।

তুলশীরচর ইউনিয়নকে স্থানীয়রা ‘সবজির ভাণ্ডার’ হিসেবেই চেনে। এখানে সারা বছর চাষ হয় বেগুন, লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, শিমসহ নানা ধরনের শাকসবজি। মৌসুমভেদে উৎপাদনের পরিমাণ এতটাই বেশি যে স্থানীয় চাহিদা মিটিয়ে তা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব।

কিন্তু বাস্তবতা হলো—এই কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে কৃষকদের পোহাতে হয় চরম ভোগান্তি। উৎপাদিত সবজি প্রথমে ঘোড়ার গাড়ি, ভ্যান বা মাথায় করে নদীর ঘাটে আনতে হয়। এরপর নৌকার জন্য অপেক্ষা, নৌকায় তোলা, নদী পারাপার, আবার নামিয়ে নরুন্দি বাজারে নিয়ে যাওয়া—এই দীর্ঘ ও কষ্টসাধ্য প্রক্রিয়ায় সময়, শ্রম এবং অর্থ তিনটিই বাড়তি খরচ হয়।

ফলে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় পচনশীল পণ্য সময়মতো বাজারে তুলতে না পারায় ক্ষতির মুখেও পড়তে হয়। স্থানীয় কৃষকদের ভাষায়, “আমরা ফলাই, কিন্তু লাভ পায় অন্যরা।”

নরুন্দি ইউনিয়নের বাজারটি এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি কেন্দ্র। এখানে বিভিন্ন জেলা ও শহর থেকে ব্যবসায়ীরা এসে সবজি কিনে নিয়ে যান। এরপর সেসব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।

কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। একটি সেতু থাকলে সরাসরি কৃষিপণ্য পরিবহন সহজ হতো, খরচ কমত এবং বাজার ব্যবস্থায় আসত গতি।

তুলশীরচর ইউনিয়নের শতশত শিক্ষার্থী নরুন্দির স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়াশোনা করে। কিন্তু প্রতিদিন তাদের শিক্ষা অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নদী পারাপার।

নৌকার জন্য দীর্ঘ অপেক্ষা, কখনো আবহাওয়ার কারণে পারাপার বন্ধ, কখনো দেরি—এসব কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারে না। অনেক সময় পরীক্ষাও মিস করে।

ফলে ধীরে ধীরে শিক্ষার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং অনেকেই ঝরে পড়ছে। স্থানীয় এক শিক্ষার্থী বলেন, “একটা ব্রিজ থাকলে আমরা সময়মতো স্কুলে যেতে পারতাম, আমাদের ভবিষ্যৎটা অন্যরকম হতো।

এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো স্বাস্থ্যসেবা। গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো নির্ভরযোগ্য ব্যবস্থা নেই।

নদী পার হতে গিয়ে সময় নষ্ট হয়, কখনো নৌকা পাওয়া যায় না, আবার কখনো রাতে পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, একটা সেতু না থাকায় আমরা আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি—এটা শুধু দুর্ভোগ নয়, জীবন-মৃত্যুর প্রশ্ন।

নরুন্দি ঘাট দিয়ে মোটরসাইকেল পারাপারে জনপ্রতি ৩০ টাকা করে দিতে হয়। দিনে দুইবার যাতায়াত করলে খরচ দাঁড়ায় ৬০ টাকা।

স্থানীয় বাইকারদের মতে, এই টাকায় প্রায় ৩০ কিলোমিটার পথ চলা সম্ভব। অর্থাৎ শুধুমাত্র একটি সেতু না থাকার কারণে প্রতিদিনই মানুষকে অপ্রয়োজনীয় আর্থিক বোঝা বহন করতে হচ্ছে।

বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, ব্রহ্মপুত্রের ওপর একটি সেতু নির্মাণ হলে শুধু নরুন্দি ও তুলশীরচরের মধ্যেই নয়, বরং বৃহত্তর অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটবে।

নরুন্দি থেকে তুলশীরচর হয়ে চন্দ্রকোনা, নকলা, শেরপুর, নালিতাবাড়ী হয়ে ভারতের সীমান্ত পর্যন্ত একটি বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠতে পারে। এতে করে বাণিজ্য, পর্যটন, কৃষি ও শিক্ষা—সব খাতেই উন্নয়ন ত্বরান্বিত হবে।

স্থানীয়দের জোর দাবি—“একটি সেতুই বদলে দেবে আমাদের জীবন”

স্থানীয় কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের একটাই দাবি—ব্রহ্মপুত্রের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ।

আমরা উন্নয়ন চাই, সুযোগ চাই। একটি ব্রিজ হলে আমাদের কষ্ট কমবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আমাদের এলাকা এগিয়ে যাবে।

এই অঞ্চলের লাখো মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ প্রয়োজন। একটি সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং বদলে দেবে পুরো পূর্ব জামালপুরের অর্থনৈতিক ও সামাজিক চিত্র।

আজ সময় এসেছে ব্রহ্মপুত্রের দুই পাড়কে একসূত্রে গাঁথার—একটি সেতুর মাধ্যমে। কারণ, এই সেতুই হতে পারে উন্নয়নের সেতুবন্ধন, সম্ভাবনার নতুন সূচনা।

নাগরপুরে জমির সীমানা বিরোধে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

 নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম
নাগরপুরে জমির সীমানা বিরোধে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এক নারী ও তাঁর মাকে মারধর, শ্লীলতাহানি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ডা. সায়মা জান্নাত প্রমি নাগরপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. রফিকুল ইসলাম (৩২) ও মো. সেলিম মিয়ার (২৮) নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা নাগরপুর উপজেলার বাসিন্দা বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ডা. সায়মা জান্নাত প্রমির নাগরপুর থানাধীন একটি সাবস্টেশন সংলগ্ন এলাকায় ১ শতাংশ জমি রয়েছে। ওই জমির দক্ষিণ পাশের সীমানা নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, তাঁর মা মোছা. নুরাইয়া ফেরদৌসীসহ কয়েকজন রাজমিস্ত্রি নিয়ে জমির চারপাশে ইটের প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করেন। অভিযোগে বলা হয়, গত ১৩ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা বাঁশের লাঠি নিয়ে বিরোধপূর্ণ জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা অভিযোগকারী ও তাঁর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর মাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অভিযোগে আরও বলা হয়, মো. রফিকুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে তাঁকে আঘাত করেন এবং তাঁর পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটান। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের কবল থেকে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁরা কিছুটা সুস্থ হয়ে স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ডা. সায়মা জান্নাত প্রমি অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ নেতার নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা।

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪২ পিএম
দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ নেতার নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা।

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা এ মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে সংসদ সদস্যের গ্রামের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ওই ঘরে অগ্নিসংযোগ করে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সেখানে তিনি এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডটি পেট্রোল বোমা নিক্ষেপের কারণে, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা।

তানভীর আজাদ জেলা প্রতিনিধি কুষ্টিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা।

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে এ হামলা চালানো হয়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি নিজেই। তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

হুমকির মুখেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে পোস্টে তিনি আরও লেখেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কারা এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশি তদন্ত শেষে জড়িতদের পরিচয় এবং ঘটনার পেছনে প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠকের দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।