দীর্ঘ এক মাসের টানাপড়নের অবসান; অবশেষে খুলল রাজা চা বাগান, মুখে হাসি ফুটল কয়েকশ শ্রমিকের
দীর্ঘ এক মাসের অনিশ্চয়তা আর আন্দোলনের পর অবশেষে কাটল জট। বুধবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরল মালবাজার ব্লকের রাজা চা বাগান। বাগানের খোলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কয়েকশ শ্রমিক পরিবার।
উল্লেখ্য, গত ২৩শে জানুয়ারি শুক্রবার রাতে আচমকাই বাগানের গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যান বাগান কর্তৃপক্ষ। তারপর থেকেই কর্মহীন হয়ে পড়েছিল বাগানের শ্রমিকরা। বকেয়া পাওনা এবং বাগান খোলার দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখান তারা।
শ্রমিকদের এই ক্ষোভ আছড়ে পড়েছিল
মাল সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে
মহকুমা শাসকের দপ্তরে
শ্রম আধিকারিকের দপ্তরে।
একাধিকবার বৈঠকের পরেও বাগান কর্তৃপক্ষ বাগান খুলতে অনীহা প্রকাশ করেছিল। তবে গত ২০ ফেব্রুয়ারি মহকুমা শাসক উৎকর্ষ খান্ডালের সঙ্গে শ্রমিকদের একটি প্রতিনিধি দল দেখা করে স্মারকলিপি জমা দিলে বরফ গলতে শুরু করে।
গতকাল, ২৪শে ফেব্রুয়ারি মঙ্গলবার দার্জিলিং জেলার দাগাপুর শ্রমিক ভবনে একটি গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর সেখানেই বাগান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ সকালে রাজা চা বাগানের গেটে বাগান কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের একটি সৌজন্যমূলক বৈঠক হয়। গত এক মাস বাগান বন্ধ থাকায় ঝোপঝাড় বেড়ে যাওয়া থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যা যা ক্ষতি হয়েছে, তা শ্রমিকরা একজোট হয়ে দ্রুত ঠিক করে নেবেন বলে জানিয়েছেন।
আজ সকালে কাজে যোগ দেওয়ার আগে শ্রমিকদের চোখে-মুখে ছিল চওড়া হাসি। রক্ষণাবেক্ষণের কাজ সেরে বাগানকে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের।”
















