কুষ্টিয়া সীমান্তে বিজিবির ধারাবাহিক অভি/যানে ৫৪ লাখ টাকার বেশি ভার/তীয় মাদ/ক জব্দ।
কুষ্টিয়ার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জোরদার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। পৃথক তিনটি অভিযানে প্রায় ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জুন ও ১ জুলাই সীমান্তবর্তী কাজীপুর, জামালপুর এবং প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
৩০ জুন দুপুরে কাজীপুর বিওপির আওতাধীন মথুরাপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬৯ হাজার টাকা।
এরপর ১ জুলাই গভীর রাতে জামালপুর বিওপির বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মাদক ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৮ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৯৪ হাজার টাকা।
একই দিন সকালে প্রাগপুর বিওপির নিয়ামত মন্ডলের ঘোনা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। এসব সিরাপের আনুমানিক মূল্য ২২ হাজার ৪০০ টাকা।
বিজিবির হিসাব অনুযায়ী, তিনটি অভিযানে মোট ১৪ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সব মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান চলমান রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















