বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকির মহোৎসব: সিন্ডিকেটের কবজায় সরকারি কোষাগার
বেনাপোল স্থলবন্দর দিয়ে দীর্ঘ দিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। আমদানিকৃত পণ্যের বিপরীতে ঘোষণাবহির্ভূত পণ্য আনা, কাগজের নথিপত্র ছাড়াই পণ্য খালাস এবং উচ্চ শুল্কের পণ্যের পরিবর্তে কম শুল্কের পণ্য দেখিয়ে সরকারি রাজস্ব লুটের এই উৎসবে সরাসরি সহযোগিতা করছেন বন্দর ও কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী।
অনুসন্ধানে জানা গেছে, এই দুর্নীতি চক্রের মূল হোতাদের মধ্যে রয়েছেন কাস্টমসের কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা মাইনুল ইসলাম-১ এবং আইআরএম (IRM) টিমের মাইনুল ইসলাম-২। এর মধ্যে মাইনুল ইসলাম-২ সরাসরি নিজের টাকায় ব্যবসা পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্টের ভাষ্যমতে, মাইনুল-২ তার ভাইয়ের ঢাকার হার্ডওয়্যার ব্যবসার সুবাদে সিঅ্যান্ডএফ এজেন্টদের মাধ্যমে পণ্য আনেন এবং যেহেতু তিনি নিজেই পণ্য পরীক্ষার দায়িত্বে থাকেন, তাই সেখানে অনিয়ম করা সহজ হয়। এই সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলে বিতর্কিত এজেন্ট হিসেবে পরিচিত। সম্প্রতি একটি খেলার গাড়ির চালানে অনিয়মের সাথেও তার নাম জড়িয়েছে।
অন্যদিকে, কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা মাইনুল ইসলাম-১ এবং বন্দরের আশিকুর রহমান রনি একই এলাকার হওয়ায় তারা ওজনে কারচুপি ও জাল নথিপত্র তৈরি করে পণ্য খালাসে সক্রিয় ভূমিকা পালন করছেন। রনি ও মাইনুলদের এই সিন্ডিকেটকে স্থলবন্দরের সহকারী পরিচালক রতন পরোক্ষভাবে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।
বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের অভিযোগ, বেনাপোল স্থলবন্দরের এই অসাধু কর্মকর্তাদের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। সাম্প্রতিক সময়ে কাস্টমস হাউজ থেকে রাতের আঁধারে ৩ কোটি টাকার পণ্য পাচারের ঘটনায় বিজিবির হাতে আটক হয়েছেন কাস্টমস কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জি। এছাড়া গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হন কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার। এসব ঘটনা ঘটলেও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
অভিযোগ রয়েছে, আশিকুর রহমান রনি বর্তমানে বন্দরের প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট মহলে যোগাযোগ রক্ষা করে চোরাচালান নির্বিঘ্নে করার পরিবেশ তৈরি করছেন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি পার পাওয়ার চেষ্টা করলেও স্থানীয় সূত্রে জানা গেছে, তার পিতা গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৮নং জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং পারিবারিকভাবে তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সুবিধাভোগী ছিলেন।
বেনাপোল স্থলবন্দরের পরিবেশ ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।


















