পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান: এক লক্ষ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস
ছবি- সকালের বার্তা
জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। তার সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ কার্যক্রমকে সফল করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এদিনের অভিযানে আনুমানিক এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জাটকা সংরক্ষণ কার্যক্রম আরও কার্যকর হবে।

















