সুনামগঞ্জের ডোবাইল হাওরে ধান পরিবহনে চাঁদা দাবির অভিযোগ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ডোবাইল হাওর থেকে ধান পরিবহনের সময় চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, হেনট্রলি (ইঞ্জিনচালিত গাড়ি) প্রতি ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ডোবাইল হাওর থেকে ধান নিয়ে দয়লা খলাঘাট এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে। এতে ধান পরিবহনকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী দেলোয়ার হোসাইন রাজন বলেন, “আমি ডোবাইল হাওর থেকে ধান কিনে নিয়ে আসার সময় দয়লা খলাঘাট এলাকায় পৌঁছালে মঞ্জিল নামে একজন আমার কাছে ৫০০ টাকা দাবি করে। আমি কিসের টাকা জানতে চাইলে তিনি বলেন, রাস্তা সংস্কার করেছেন, তাই টাকা দিতে হবে। পরে আমি তাকে কোথায় রাস্তা সংস্কার করা হয়েছে জানতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি বলেন, এই রাস্তা দিয়ে ধান নিতে হলে টাকা দিতেই হবে, না দিলে গাড়ি যেতে দেওয়া হবে না।”
এ ঘটনায় ভুক্তভোগীরা মঞ্জিল মিয়া, জীবন মিয়া ও ওমর মিয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



















