শেরপুরে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ১
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে সারাদেশে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার চক্রসহ নানা প্রতারক গোষ্ঠী। এমন প্রেক্ষাপটে শেরপুরে একটি জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। অভিযানে জড়িত থাকার অভিযোগে মুর্শিদুল হক (৩৩) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে জামালপুরের বেলটিয়ায় অবস্থিত র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
র্যাব জানায়, অপরাধ দমনে তারা সর্বদা আপোষহীন ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা জাল টাকার চক্র ও বিভিন্ন প্রতারক গোষ্ঠীকে চিহ্নিত ও দমনে তাদের গোয়েন্দা টিম নিরলসভাবে কাজ করছে।
র্যাব আরও জানায়, সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জাল টাকা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।














