সুনামগঞ্জে ২ হাজার ৮০ লিটার অবৈধ মজুদকৃত জ্বালানি তেল, জব্দ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মজুদকৃত ২ হাজার ৮০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার সাচনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমান।
টাস্কফোর্স সূত্রে জানা যায়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। এ সময় সাচনা বাজারের একটি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে ২,০৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
জব্দকৃত জ্বালানি তেল পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপো ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অসাধু চক্র যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে তেল মজুদ বা পাচার করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



















