পাংশায় নারীকে চলন্ত মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগী নারী তিনজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী নারী মৈশালা এলাকায় অবস্থানকালে তাকে একটি সাদা হাইয়েস মাইক্রোবাসে তুলে নেয় অভিযুক্তরা। এরপর তাকে বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। রাত ৭টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগীকে কুষ্টিয়া সদর থানার একটি ফাঁকা জায়গায় নামিয়ে পালিয়ে যায়।
মামলার অভিযোগে অভিযুক্তরা হলেন—হাসিবুর রহমান অন্তর (৩২), রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) এবং মো. বরকত মুন্সী (৩৪)। তদন্তে পাংশা বাজার থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান। মামলা নথিভুক্ত হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(৩) ধারায়। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।











