প্রভাবশালীদের রোষানলে দিনমজুর অজিত বিশ্বাস: ২৫ দিনেও মেলেনি আইনি সহায়তা, প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার কেজাউরা গ্রামের দিনমজুর অজিত বিশ্বাসের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী অজিত বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে অজিত বিশ্বাস বলেন, ঘটনার ২৫ দিন পার হলেও এখন পর্যন্ত তিনি কোনো আইনি সহায়তা পাননি। তিনি জানান, একাধিকবার সুনামগঞ্জ সদর মডেল থানা-এ অভিযোগ দিলেও থানা থেকে কোনো কার্যকর সাড়া পাননি। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে তাকে ভিটেছাড়া করার ষড়যন্ত্র করছে। তার বসতঘরে অগ্নিসংযোগ, পরিবারের সদস্যদের ওপর হামলা ও নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।
মানববন্ধন থেকে দ্রুত মামলা গ্রহণ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।



















