নদীয়ায় মানবিক হস্তক্ষেপে মুক্তি ইটভাটায় ‘বন্দি’ ভিনরাজ্যের শ্রমিক পরিবার , তাহেরপুর থানার তৎপরতায় স্বস্তি!
মানবিকতার উজ্জ্বল নজির গড়লো নদীয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত তাহেরপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রাধানগর এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে ভিনরাজ্য থেকে আসা এক শ্রমিক ও তার পরিবারকে উদ্ধার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ।

পুলিশ সূত্রে জানা যায়, বিহারের সাপুরা জেলার হোসেনবাদ এলাকার বাসিন্দা চারু মাঝি (পিতা: ফিরঙ্গি মাঝি) দীর্ঘদিন ধরে তাহেরপুর থানার অন্তর্গত রাধানগর এলাকার ‘মনি ইটভাটা’-য় পরিবারসহ কাজ করছিলেন। আর্থিক অনটনের কারণে মাঝেমধ্যেই ইটভাটার মালিকের কাছ থেকে অগ্রিম টাকা নিতে বাধ্য হন তিনি।
অভিযোগ, ২০০০-১০০০ টাকা করে ধার নিতে নিতে মোট প্রায় ৩৫ হাজার টাকা অগ্রিম হয়ে যায়। পাশাপাশি প্রতি সপ্তাহে সংসার খরচের জন্য এক হাজার টাকা দেওয়া হত।
অভিযোগ অনুযায়ী, এই অগ্রিম টাকার জেরে শ্রমিক ও তার পরিবারকে কার্যত ভাটার মধ্যেই আটকে রাখা হয়। অন্য কোথাও অতিরিক্ত কাজ করার অনুমতি দেওয়া হত না, এমনকি পরিবারের সদস্যদের একসঙ্গে বাইরে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হত। অসহায়তার সুযোগ নিয়ে একপ্রকার বন্দি করে রাখা হয়েছিল বলে অভিযোগ।
সবচেয়ে মর্মান্তিক বিষয়, ১২ বছরের সন্তানের স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলেও সেই সুযোগ থেকে বঞ্চিত হতে হয় পরিবারকে। দীর্ঘদিনের মানসিক চাপ সহ্য করতে না পেরে অবশেষে চারু মাঝি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি (DLSA) নদিয়ার প্যারা লিগ্যাল ভলান্টিয়ার ও তাহেরপুর থানার পুলিশ যৌথভাবে ইটভাটায় অভিযান চালায়। সেখান থেকে অভিযোগকারী ও তার পরিবারকে উদ্ধার করা হয়।
অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর রুজু হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উদ্ধার হওয়া শ্রমিক পরিবার পুলিশের এই তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এলাকার বাসিন্দারাও পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ইটভাটায় শ্রমিকদের কাজের পরিবেশ ও অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















