পাংশায় সার-কিটনাশকের দোকানে ১৮৩ লিটার অবৈধ ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী বাজারে একটি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ। অভিযানে উপজেলার পাট্টা ইউনিয়নের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল জব্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দোকানে সার-কিটনাশকের পাশাপাশি অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে প্রায় ১৮৩ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
তদন্তে দেখা যায়, তিনি প্রতি লিটার ডিজেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন এবং তেল সংরক্ষণ ও বিক্রির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জব্দ করা তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয় বলে প্রশাসন জানিয়েছে।















