বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বরিশাল ডট ও জনবানীতে সংবাদ : ঝালকাঠিতে ব্রয়লার মুরগী পিসপ্রতি ২ টাকা খাজনা জটিলতার সমাধান, নতুন হার নির্ধারণ

মো ইমরান মুন্সি  ​ঝালকাঠি প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম
বরিশাল ডট ও জনবানীতে সংবাদ : ঝালকাঠিতে ব্রয়লার মুরগী পিসপ্রতি ২ টাকা খাজনা জটিলতার সমাধান, নতুন হার নির্ধারণ
ঝালকাঠি বড় বাজারের হাঁস, মুরগী ও কবুতরের মহলের খাজনা আদায় নিয়ে দীর্ঘদিনের সৃষ্ট অস্থিরতা ও মুরগী প্রতি ২ টাকা করে খাজনা আদায়ের জটিলতার অবসান হয়েছে। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের ধারাবাহিক প্রচেষ্টায় এবং ‘জনবানী’, ‘বরিশাল ডট নিউজ’ ও ‘মনিং পোস্ট’-এ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তা দায়িত্বশীল কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই ত্বরিত ব্যবস্থা হিসেবে এই সমস্যার স্থায়ী সমাধান করা হয়েছে। জানা যায়, সাংবাদিক খোকন এবং মোঃ ইমরান মুন্সীসহ স্থানীয় সচেতন সাংবাদিকদের জোরালো ভূমিকার কারণেই এই সুফল পাওয়া সম্ভব হয়েছে।
​এই সমস্যা নিরসনে আজ রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় ঝালকাঠি পৌরসভার সভাকক্ষে এক জরুরি ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রশাসক মোঃ কাওছার হোসেনের বিশেষ নির্দেশনায় অনুষ্ঠিত এ বৈঠকে বড় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ফার্মের মুরগী ব্যবসায়ী ও সরবরাহকারী প্রতিনিধি এবং ইজারাদার পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পৌরসভার প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে বৈঠকে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মিসেস শাহীন সুলতানা এবং সহকারী প্রকৌশলী (পানি সরবরাহ) মোঃ কামরুল হাসান।
​দীর্ঘ আলোচনার পর সকল পক্ষের সম্মতিতে সর্বসম্মত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সবচেয়ে বড় যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তা হলো— ইজারাদার কোনোভাবেই মুরগী প্রতি (পিসপ্রতি) ২ টাকা বা অন্য কোনো হারে খাজনা আদায় করতে পারবে না; পিসপ্রতি খাজনা আদায়ের এই বিতর্কিত প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে এখন থেকে যানবাহনের ওপর ভিত্তি করে খাজনা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতি পিকআপ মুরগীর জন্য ২৩০ টাকা, প্রতিটি খাঁচা ভ্যানের জন্য ১৫০ টাকা এবং প্রতিটি অটোর জন্য ৮০ টাকা হারে খাজনা প্রদান করতে হবে।
​সভায় স্পষ্টভাবে জানানো হয় যে, এই নতুন খাজনা শুধুমাত্র ফার্মের মুরগী সরবরাহকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কোনো খুচরা দোকানদারকে এই খাজনা দিতে হবে না, ফলে স্থানীয় বাজারে মুরগীর খুচরা মূল্যের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। বৈঠক শেষে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করে জানান, পিসপ্রতি ২ টাকা খাজনা আদায়ের যে বাড়তি চাপ ও হয়রানি ছিল, তা নিরসনে পৌরসভার এই সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। ইজারাদার পক্ষও পৌরসভার নির্ধারিত নতুন এই নিয়ম মেনে চলতে পূর্ণ সম্মতি প্রদান করেছে।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।