সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়ায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতা
সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এক প্রতিবাদী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর তেঘরিয়া এলাকার সরকারি পুকুরপাড় মোড়ে এ সভার আয়োজন করেন এলাকার যুবক-তরুণেরা।
তেঘরিয়ার বাসিন্দা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন। তারা বলেন, মাদকের সঙ্গে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনতে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
সভায় বক্তব্য রাখেন মোঃ শ্যামল, জুয়েল আহমেদ, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহসান জামিল আনাস, সোয়েব চৌধুরী, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গির আলম, মোঃ জিয়া, মোঃ রাসেল, ৭ নম্বর ওয়ার্ডের আনসার দলনেতা মোঃ শেরজাহান আহমদ, মোঃ গিলমান, তানজির আহমাদ হিমু, তারেক, মোঃ আবু তালহা, টিপু আহমেদ, আব্দুল্লাহ, তালহা, আফজল, মুন্না, মোঃ সাদিক আলম সাজু, সিদ্দিক আমান, আমিনুল ইসলাম চপল, সুনাম আহমেদ, সৌরভ চৌধুরী, পিয়াস, তামজিদ চৌধুরী, শুভ, সাঈদ চৌধুরী আফনান, রিফাত আহমেদ শান্ত, নাদিম রহমান, আনান চৌধুরী, মাকসুদ, সামি, নাহিদ, বসামি, মাহের, তানভীর, রাফসান, ইলান ও দোহা।
বক্তারা বলেন, তেঘরিয়া এলাকার কিছু অসাধু ব্যক্তির কারণে পুরো এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অভিযোগ রয়েছে, এলাকার একটি চক্র গোপনে মাদক বিক্রির সঙ্গে জড়িত। এর ফলে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছে।
সভায় উপস্থিত সবাই মিলে মাদকমুক্ত তেঘরিয়া গড়ার অঙ্গীকার করেন। তারা জানান, প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করা হবে। এরপরও যদি কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে যুক্ত থাকে, তবে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহযোগিতা করবে।
এলাকাবাসীর প্রত্যাশা—সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের সহযোগিতায় তেঘরিয়া শিগগিরই মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।
















